ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, অভিজ্ঞ তারকার শূন্য’র রেকর্ড
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ খেলতে গিয়ে ন্যূনতম লড়াইও করতে পারছে না বাংলাদেশ নারী দল। সিরিজের প্রথম ওয়ানডেতে তারা ১৬৭ রানের লক্ষ্য দিয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। এবার দ্বিতীয় ওয়ানডেতে নেমেও বদলাল না বাংলাদেশের টপ অর্ডারদের পারফরম্যান্স। উল্টো সর্বোচ্চ ডাক (০) খাওয়ার রেকর্ড গড়লেন অভিজ্ঞ তারকা ফারজানা হক পিংকী।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আজ (রোববার) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল স্রেফ ৮ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে। শুরুটা হয় পিংকীকে দিয়ে। তিনি ১৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। উল্টো গড়েছেন ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ডাক নিয়ে আউট হওয়ার রেকর্ড।
অজি পেসার মেগান শুটের করা চতুর্থ ওভারের তৃতীয় বলে বেথ মুনির হাতে ক্যাচ দিয়েছেন ফারজানা হক। এ নিয়ে ওয়ানডেতে ৮৩ ম্যাচ খেলতে নেমে ১২ বার শূন্য রানে আউট হলেন তিনি। এর আগে টেলএন্ডার ব্যাটার নাহিদা আক্তারের সঙ্গে পিংকী যৌথভাবে ওয়ানডেতে সর্বোচ্চ ১১ বার ডাক খেয়েছেন। আজ নাহিদাকেও ছাড়িয়ে গেলেন ডানহাতি এই ওপেনার। এ ছাড়া ফাহিমা খাতুন ৮ এবং জাহানারা আলম ও শারমিন আক্তার সুপ্তার নামের পাশে আছে ওয়ানডেতে ৭টি শূন্য।
২ রানে আউট হয়েছিলেন পিংকী। দলের খাতায় আর ৬ রান যোগ করতেই ফিরলেন সারমিন সুলতানা ও শারমিন আক্তার সুপ্তা। সারমিন ২০ বলে ৫ রান করে কিম গার্থের বলে এলবিডব্লিুউ এবং সুপ্তা শুটের বলে বোল্ড হয়েছেন কোনো রান না করেই। এর আগে ১১ বল মোকাবিলা করেছেন সুপ্তা। ওয়ানডেতে ডাক খাওয়ার রেকর্ডে (৭টি) তিনি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যৌথভাবে চারে আছেন।
বাংলাদেশের তিন টপ অর্ডার যখন আউট, তখন ৭.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ স্রেফ ৮ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ওভারে জ্যোতির দল ৩ উইকেটে ৪৪ রান তুলেছে। এই মুহূর্তে সোবহানা মোস্তারি ৩৩ বলে ২২ এবং জ্যোতি অপরাজিত আছেন ৩১ বলে ১৩ রানে।
