
ফিফা ফুটবল বিশ্বকাপকে বাণিজ্যিকীকরণ করার বড় পরিকল্পনা করেছিলেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমনকি বলা হচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রতিষ্ঠান এতে বিনিয়োগ করবে। ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তা, সদস্য দেশ থেকে শুরু করে সর্বত্র প্রতিবাদের মুখে ইনফান্তিনোর সেই পরিকল্পনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। এমনকি নড়বড়ে হয়ে পড়েছিল তার ফিফা প্রধানের চেয়ারও!
পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেছিলেন ফিফার বর্তমান সভাপতি। একইসঙ্গে ২০২৭ সালের মার্চ মাসে তার মেয়াদ শেষে চতুর্থ দফায় নির্বাচনের জন্যও ইনফান্তিনো তোড়জোড় চালিয়ে যাচ্ছেন। তার পক্ষে-বিপক্ষে এখন ফুটবলবিশ্ব কার্যত দু’ভাগে বিভক্ত। এরই মাঝে ৯৬ বছরের জন্য তার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনার নথি ফাঁস হয়েছে।
গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পর্যালোচনা করা নথিগুলোতে ফিফা ও বিনিয়োগকারী জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের মধ্যে হওয়া আলোচনার বিস্তারিত তথ্য উঠে এসেছে। সেখানে ২০ বিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনার কথা বলা হয়। ওই অর্থে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস (এফএফই) নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ছিল।
ফাঁস হওয়া নথি অনুযায়ী, পুরুষদের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সপ্তাহেই (১৯ জুলাই ফাইনাল হয়েছিল) নিউইয়র্কে এফএফই চুক্তি চূড়ান্ত করার দিকে এগোচ্ছিল ফিফা। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের ৯ দিন পর গোপন এই প্রকল্পের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা শুরু হলে কয়েক দিনের মধ্যেই প্রস্তাবটি প্রত্যাহার করে নেন ইনফান্তিনো।
ফাঁস হওয়া নথির মধ্যে ফিফার নিজস্ব ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনও রয়েছে। সেখানে সংস্থাটির অর্থ বিভাগের কর্মকর্তাদের বিষয়ে বলা হয়েছে, ‘তারা এই লেনদেনের কাঠামো তৈরির প্রক্রিয়ায় সরাসরি অবহিত ছিলেন না। এই চুক্তির আওতায় ফিফা একটি মুনাফাভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান তৈরি করবে। ফিফার বিভিন্ন প্রতিযোগিতার সব বাণিজ্যিক স্বত্ব ওই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে, যাতে পরবর্তী ৯৬ বছর ধরে সেগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়।’
এদিকে, বিশ্বকাপ বাণিজ্যিকীকরণ নিয়ে পরিকল্পনা নথিতে দেখা গেছে, থ্রাইভ ক্যাপিটালকে মূল বিনিয়োগকারী হিসেবে চূড়ান্ত করার আগে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্সের সঙ্গেও আলোচনা করেছিল ফিফা। একটি নথিতে অ্যাফিনিটি পার্টনার্সের নাম উল্লেখ করে দরপত্র আহ্বান না করার কারণ ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রস্তাবিত বিনিয়োগের ‘বিশেষ ও অনন্য প্রকৃতির’ কারণে আনুষ্ঠানিক দরপত্র প্রক্রিয়া চালু করা হয়নি। বরং সম্ভাব্য কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপক্ষীয় ও একতরফা আলোচনা করা হয়েছিল।
থ্রাইভ ক্যাপিটাল ১৭ জুলাই ‘প্রজেক্ট বক্স’ নামের এই পরিকল্পনা নিয়ে ফিফার সঙ্গে একটি ‘ব্যাকস্টপ লেটার অ্যান্ড ট্রানজ্যাকশন টার্মস’ শীর্ষক নথি তৈরি করেছিল। সেখানে ‘ম্যানেজমেন্ট ইনসেনটিভ প্ল্যান’-এর (ব্যবস্থাপনা প্রণোদনা পরিকল্পনা) কথাও উল্লেখ ছিল। তাদের পরিকল্পনা অনুযায়ী, এফএফইর নির্বাহীদের বোনাস দেওয়ার বিষয়টি নির্ধারণ করার ক্ষমতা থাকত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের হাতে। সেই পর্ষদের সভাপতির দায়িত্বে থাকার কথা ছিল তৎকালীন ফিফা সভাপতি ইনফান্তিনোর।
এ বিষয়ে ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের কাঠামোর প্রস্তাবিত পরিকল্পনায় এটি একটি প্রচলিত ব্যবস্থা। ২১১টি সদস্য ফেডারেশনের অনুমোদন ছাড়া পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হতো না। সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা ফিফার প্রকৃত মালিক হিসেবে বিবেচিত হয় এই সদস্য ফেডারেশনগুলো। ফিফার নেতৃত্বের সদস্যরা কেবল পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এর ফলে তাদের অতিরিক্ত কোনো পারিশ্রমিক পাওয়ার সুযোগ তৈরি হতো না।

