রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪১ মিমি বৃষ্টি, আজও ৮ বিভাগে ভারী বৃষ্টির আভাস

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১১:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শ্রাবণ মাসের বিদায়বেলায় মৌসুমি বায়ুর দাপট আরও কিছুটা বেড়েছে। এর প্রভাবে গতকাল বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের আমবাগানে ১৪০ মিলিমিটার। অন্যদিকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ৪১ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃষ্টির এই ধারা আজ আগামী ১০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।