
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ প্রতিক্রিয়া ইউনিটের (এসআরইউ) উদ্যোগে প্রাথমিকভাবে নির্বাচিত বিশেষ অস্ত্র ও কৌশলগত দলের (সোয়াট) সদস্যদের পাঁচ সপ্তাহব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সের সমাপনী, সনদ বিতরণ ও প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, বিশেষায়িত আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা, জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সোয়াট সদস্যদের দক্ষতা, শৃঙ্খলা, সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাঁচ সপ্তাহের এ প্রশিক্ষণে সোয়াট সদস্যদের বিশেষায়িত অভিযান পরিচালনা, দলগত সমন্বয়, কৌশলগত দক্ষতা, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে আয়োজিত মহড়ায় প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতার বাস্তব প্রয়োগ প্রদর্শন করেন। মহড়ায় তাদের পেশাদারিত্ব, দলগত সমন্বয় ও পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তুলে ধরা হয়।
পরে প্রশিক্ষণ সম্পন্নকারী সোয়াট সদস্যদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি ভবিষ্যৎ দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (অভ্যন্তরীণ প্রশিক্ষণ) অনিন্দিতা বড়ুয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষ প্রতিক্রিয়া ইউনিটের (এসআরইউ) সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

