
প্রায়ই ব্রাইডাল ফটোশুটে নিজেকে মেলে ধরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। হাতে সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা না থাকলে মেকওভারের কাজে নিজেকে মেলে ধরতে দেখা যায় তাকে। এবারও তার ব্যতিক্রম ঘটল না, এক ব্রাইডাল মেকওভারে কনে সেজে উঠলেন অপু। সঙ্গে বর বেশে ছিলেন চিত্রনায়ক আদর আজাদ। এতে বেশ প্রশংসাই পাচ্ছেন তারা।
কিছু কিছু ছবিতে আদর আজাদের সঙ্গে একফ্রেমে পোজ দিয়েছেন অপু বিশ্বাস। যে কারণে কেউ কেউ বলছেন, মানিয়েছে তাদের; মানে, শাকিবে খানের চেয়েও আদর আজাদের পাশে অপুকে মানাচ্ছে! সব মিলিয়ে তারা প্রশংসাই পাচ্ছেন বেশ। বিয়ের হলুদের সাঁজে যেমনটা দেখায়, তেমনই ছিল তাদের পোশাক।
অপু বিশ্বাস সদ্য তার ফেসবুকে ভিডিও ও কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানেই ফুটে ওঠে তাদের এই সৌন্দর্য। ছবিগুলোতে নিজেদের এই ফটোশুটকে সুন্দর এক ছন্দে অভিহিত করেছেন। অপু লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা’।
এতে অপু বিশ্বাসকে দেখা গেছে জলপাই রঙের নান্দনিক কাজ করা এক লেহেঙ্গায়, যেটার ওড়নার রং হলুদ। পোশাকে এই দুই রঙের কম্বিনেশন অপু বিশ্বাসকে আরও নজরকাড়া করে তোলে। কানে ও গলায় ভারী অলংকার অপুর কনে রূপ ফুটে ওঠে প্রায় পুরোপুরি।
অন্যদিকে বর সেজে থাকা আদর আজাদও কম যাননি। তাকে পরানো হয়েছে লাল কাজ করা পাঞ্জাবি। বর-কনের লুকে রাজকীয় ভঙ্গিতে দুজনে একসঙ্গে বেশ কিছু পোজ দিয়েছেন। অপুর লাল দোপাট্টার নিচে কখনো আদর আজাদকে দেখা যায়, আবার মুখে মিষ্টি হাসি রেখে ভিন্ন দিকে পোজ দিতে দেখা যায় অপুকে।
বিশেষ এই ফটোশুটে অপু বিশ্বাসের মেকওভারের নেপথ্যে কারা, তার ক্রেডিট দিয়েছেন অপু বিশ্বাস। পুরো শুটের স্টাইলিং ও কনসেপ্ট, গহনা, পোশাক- এসবকিছুরও ক্রেডিট দিয়েছেন চিত্রনায়িকা। তাদের এই ফটোশুট, মেকওভার এখন অপু-আদর উভয়ের টাইমলাইনেই বেশ শোভা পাচ্ছে।

