
বাংলাদেশের শুধু পররাষ্ট্র নীতিই নয়, সব নীতিতেই দেশের মানুষকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া নিজ বাড়িতে জনসাধারণের ফুলেল শুভেচ্ছা নেওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের শুধু পররাষ্ট্র নীতিই নয়, সব নীতিই পরিচালিত হবে সবার আগে বাংলাদেশ নীতিতে। সব দেশের সঙ্গে সমমর্যাদা নিয়ে সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে কিন্তু সেটা সমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। সব কিছুতেই বাংলাদেশ এবং দেশের মানুষের অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে ভিসার ক্ষেত্রে যে জটিলতা রয়েছে, সেগুলো সমাধানে এরইমধ্যে কাজ শুরু করা হয়েছে। খুব দ্রুতই আমরা সেগুলো দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্কের মধ্যে দিয়েই সমাধান করতে পারব।
এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা থেকে নিজ বাড়িতে পৌঁছান তিনি। এরপর তার বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। পরে হাজারও মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন শামা ওবায়েদ।
আমার বার্তা/জেএইচ

