
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইনসের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে আজ রোববার থেকেই। এ লক্ষ্যে যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে এয়ার লাইনসটি।
ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরে উপস্থিত হয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাশ সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনস সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই সম্মানিত যাত্রী সাধারণের সঙ্গে যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ।
ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট সংক্রান্ত যেকোনো ধরনের তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

