
কক্সবাজারের টেকনাফে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে মোহাম্মদ আলম (৩০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ডেগিলার বিল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ আলম সাবরাং এলাকার নুরুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে টেকনাফের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় মোহাম্মদ আলম ডেগিলার বিল এলাকায় কৃষিকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে রেফার করেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, কৃষিকাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে মোহাম্মদ আলম গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ সরকার বলেন, “আহত অবস্থায় মোহাম্মদ আলমকে টেকনাফ হাসপাতালে নিয়ে আসা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, বজ্রপাতে তার শরীরের কিছু অংশ ঝলসে গেছে এবং মাথায়ও আঘাত পেয়েছেন। তার অবস্থা বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে রেফার করা হয়েছে।”

