ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা, আগে হবে বগুড়ায়

আমার বার্তা অনলাইন:
১২ নভেম্বর ২০২৬, ১৩:২১

ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক প্রতিষ্ঠান কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তবে ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণের আগে বগুড়ার বিমানবন্দর প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। বগুড়ার কাজ অনেকটা এগিয়ে যাওয়ায় সেটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী ত্রিশাল বিনির্মাণের লক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রিশালের রাশেদুল ইসলাম সম্মেলন হলে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।

মন্ত্রী বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে ইতোমধ্যে পরামর্শক নিয়োগ করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক থেকে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা কেমন হবে, এসব বিষয় নিয়ে বিস্তারিত সমীক্ষা চলছে। এটি একটি বড় ও জটিল পরিকল্পনা। এ বিষয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি বলেন, বগুড়ার বিমানবন্দর প্রকল্পের কাজ অনেক দূর এগিয়েছে। তাই সেটি আগে বাস্তবায়ন করা হবে। বগুড়া বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে হওয়ায় সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য একটি পণ্য পরিবহনকেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। বগুড়ার কাজ শুরুর পর এক থেকে দুই বছর পর ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে শুধু বৃহত্তর ময়মনসিংহ নয়, ঢাকার পরবর্তী উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকাজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করেন মন্ত্রী। তার ভাষ্য, একটি বিমানবন্দর নির্মাণের সঙ্গে বিপুল কর্মযজ্ঞ, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন জড়িত। জীবদ্দশায় অথবা দায়িত্বে থাকাকালে এ প্রকল্প বাস্তবায়ন করতে পারলে সেটি তার জীবনের একটি মাইলফলক হবে বলে জানানা তিনি।

বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে দেশটির সঙ্গে বিমান পরিবহন খাতে সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ বিষয়ে বিমান পরিবহন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার উদ্যোগও রয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, কাঠমান্ডু, মালয়েশিয়া ও চীনের কুনমিংয়ের সঙ্গে বিমান যোগাযোগের বিষয়ে আলোচনা হয়েছে। পর্যটকদের যাতায়াত বাড়ানোর লক্ষেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কক্সবাজার বিমানবন্দরকে বড় আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে পর্যটনকেন্দ্রিক বিমান যোগাযোগের উপযোগী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।

ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুরের উন্নয়নের বিষয়েও নিজের দায়িত্বের কথা উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে এসব অঞ্চলে চিকিৎসক সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চিকিৎসক সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যদের জন্য বড় পরিসরে কাজের প্রস্তুতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রত্যেক সংসদ সদস্যের এলাকায় ন্যূনতম ৫০০ কোটি টাকার গ্রামীণ উন্নয়নকাজ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিসেম্বরের পর উন্নয়নকাজের পরিমাণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ত্রিশালের পর্যটন সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, নজরুল বর্ষ ঘোষণা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালকে কেন্দ্র করে পর্যটন উন্নয়নের কাজ এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করছে। একটি শিক্ষিত ও উন্নত সমাজ গড়ে তুলতে মাদক নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে মন্ত্রী দেশের বিনিয়োগ, বিদ্যুৎ, গ্যাস, শিল্পায়ন ও শিক্ষা খাতের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, দেশে গাড়ি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন বড় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষা বিস্তার ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও কর্মসূচি বাস্তবায়নের কথা জানান তিনি।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ হাসনাত জাহান খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে অস্থিরতা কাটছে না।

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

নজরদারিতে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য