
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. আব্দুর রশীদ মিয়া।
গত মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আব্দুর রশীদ মিয়াকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এর আগে তিনি সংস্থাটির প্রধান প্রকৌশলী হিসেবে (চলতি দায়িত্বে) নিয়োজিত ছিলেন এবং সম্প্রতি নিয়মিত চাকরিকাল শেষে অবসরে যান। সরকারের প্রতি বিশেষ আস্থার প্রতিফলন হিসেবে তাকে পুনরায় এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে।
মো. আব্দুর রশীদ মিয়া ১৯৮৯ সালে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি মাঠ পর্যায়ে উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এবং প্রধান কার্যালয়ে প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান এবং পরবর্তীতে ২০২৫ সালের শুরুর দিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব গ্রহণ করেন এবং সফলভাবে সম্পন্ন করেন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই প্রকৌশলী তার কর্মজীবনে স্বচ্ছতা ও পেশাদারিত্বের জন্য সুপরিচিত। প্রধান প্রকৌশলী পদে তার এই পুনর্নিয়োগে এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা আশা প্রকাশ করেছেন যে, তার অভিজ্ঞ নেতৃত্বে দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও চলমান প্রকল্পগুলো আরও গতিশীল হবে।উল্লেখ্য, বিদায়ী প্রধান প্রকৌশলী জনাব মোঃ বেলাল হোসেনের (চলতি দায়িত্ব) স্থলভিত্তিক হিসেবে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন জনাব আব্দুর রশীদ মিয়া।
নবনিযুক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া বগুড়া জেলার শেরপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
আমার বার্তা/এমই

