
আয়ারল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে ইসরায়েলের বিপক্ষে না খেলার ব্যাপারে প্রকাশ্য অবস্থান নিয়েছেন জেসন নাইট।
রোববার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে হাঙ্গেরির দেব্রেসেনে মুখোমুখি হবে দুই দল। এরপর ৪ অক্টোবর সার্বিয়ার বাকা তোপোলায় হবে ফিরতি ম্যাচ।
গ্রুপ বি৩-এ দুই দল পড়ার পর থেকেই গাজায় চলমান যুদ্ধের কারণে সেই ম্যাচ বয়কটের জোরালো দাবি উঠতে থাকে। ‘স্টপ দ্য গেম’ নামে একটি প্রচারণাও ক্রমেই গতি পাচ্ছে।
বৃহস্পতিবার প্রিস্টিনায় কসভোর বিপক্ষে ম্যাচে ১-০ গোলে পরাজিত হয় আয়ারল্যান্ড। সেই ম্যাচের পর সামনে আসে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের বিষয়টি। আইরিশদের ভারপ্রাপ্ত অধিনায়ক দারা ও’শিয়া জানিয়েছিলেন, রোববার ইসরায়েলের বিপক্ষে ‘হোম’ ম্যাচটি কীভাবে খেলবেন, তা নিয়ে শুক্রবার দলের খেলোয়াড়েরা একসঙ্গে বসে আলোচনা করবেন। ম্যাচটিতে উপস্থিত থাকছেন না কোনো আইরিশ সমর্থক । পরের সপ্তাহে দুই দলের আরেকটি ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
কসোভোর বিপক্ষে ম্যাচের পর নাইট বলেন, ‘দেখুন, বিষয়টি কঠিন। কোচ, দারা এবং নাথান [কলিন্স] এ নিয়ে ভালোভাবেই কথা বলেছেন। আমার মনে হয়, ম্যাচটি হওয়া উচিত নয়। কিন্তু এটি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো এবং এর অর্থ কী, সেটিও বুঝে নেবো। দল হিসেবে আমাদের মতামতগুলো তুলে ধরবো, এরপর সেখান থেকে সিদ্ধান্তে পৌঁছাবো।’
ব্রিস্টল সিটির মিডফিল্ডার নাইট বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে এবং দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি — পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, তা নিয়ে। এখন আমরা এখানে আছি। বিষয়টির অর্থ কী এবং এর পরিণতি কী হতে পারে, তা নিয়ে গভীরভাবে আলোচনা করতে পারব। শুক্রবার আমরা সেটিই করব, এরপর সেখান থেকে এগোবো।’

