
চলতি করবর্ষে আয়কর রিটার্ন দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন না, তাদের মধ্যে প্রায় পাঁচ হাজার করদাতা সময় বাড়াতে আবেদন করেছেন।
রোববার (২৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর থেকে এ তথ্য জানানো হয়েছে। এনবিআর বলেছে, ৩১ মার্চের মধ্যে যারা চলতি ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দিতে পারবেন না, তারা আবেদন করে ৯০ দিন সময় নিতে পারবেন।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ তিনি বলেন, চলতি করবর্ষে আয়কর রিটার্ন দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৫০ লাখ করদাতা। আর সর্বশেষ আয়কর রিটার্ন দাখিল করেছেন ৪১ লাখ ৫০ হাজার। এখনো যারা আয়কর রিটার্ন দাখিল করেননি বা আয়কর রিটার্ন দাখিল করার জন্য সময়ের আবেদন করেননি তারা বাকি সময়ের মধ্যে সময়ের আবেদন করতে পারবেন।
আল আমিন শেখ জানান, অনলাইনে দাখিলকৃত করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই পাঁচ হাজার করদাতার সময় বাড়ানোর আবেদন অনুমোদন করছেন।
সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে করদাতা কোনো জরিমানা বা অতিরিক্ত কর প্রদান ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন। যেসব করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি তারা বর্ধিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে চাইলে তাদের অবশ্যই ৩১ মার্চের পূর্বে আবেদন করতে হবে। ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন না থাকলে সময়ের আবেদন দাখিলের পূর্বে অবশ্যই নিজ নামের বায়োমেট্রিক সিম ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
জরিমানা বা অতিরিক্ত কর প্রদান এড়াতে এনবিআর সব ব্যক্তি করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ মার্চের রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করছে। তবে কেউ ওই সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অপারগ হলে যৌক্তিক কারণ উল্লেখ করে অনলাইনে ৩১ মার্চের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন সময়বৃদ্ধির আবেদন দাখিল করতে পারবেন।
আমার বার্তা/এমই

