ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
মধ্যপ্রাচ্যে সংঘাত

পাল্টাপাল্টি হামলার সঙ্গে তৎপর কূটনীতিও

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৫, ০৯:৩৯
আপডেট  : ২০ জুন ২০২৫, ০৯:৪৩
ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। সংঘাতে যুক্তরাষ্ট্র যাতে জড়িয়ে না পড়ে, সেই দাবিতে বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেন যুদ্ধবিরোধীরা। এ সময় কয়েকজনের হাতে ফিলিস্তিনের পতাকাও দেখা যায় -ইউএস নিউজ

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে চলছে নানামুখী কূটনীতি। ইসরায়েলের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, রাশিয়া সরাসরি লড়াইয়ে জড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। তারা ইরান ও ইসরায়েল– উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মধ্যস্থতাকারীর ভূমিকায় যাওয়ার চেষ্টা করছে। এ চেষ্টার সমালোচনা করে তাদের ইউক্রেন নিয়ে ব্যস্ত থাকতে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফোনালাপে তারা ইরানে ইসরায়েলের হামলার ‘তীব্র নিন্দা’ জানান। পরে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য ট্রাম্প আরও দুই সপ্তাহ সময় দেওয়ার কথা জানান।

গত শুক্রবার ইসরায়েল ব্যাপক হামলা চালালে পাল্টা আঘাত করে ইরানও। শুরুতে যুক্তরাষ্ট্র লড়াইয়ের বাইরে থাকলেও সম্প্রতি ট্রাম্পের নানা বক্তব্য ভিন্ন বার্তা দিচ্ছে। ট্রাম্প ইসরায়েলের হয়ে ইরানের হামলার বিষয়টি বিবেচনা করছেন– এমন একটি খবরে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন অবস্থান আরও স্পষ্ট করতে শুরু করে। এ পরিস্থিতিতে ইরানের এক আইনপ্রণেতা বলেছেন, তারা হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারেন। এমনটা হলে বড় ধাক্কা খাবে বিশ্ব অর্থনীতি। এতে সারাবিশ্বে তেলের দাম বাড়াসহ জীবনযাত্রার খরচ বেড়ে যেতে পারে।

কার্যত এ সংঘাতকে কেন্দ্র করে বৈশ্বিক মেরূকরণ স্পষ্ট হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, পুতিনের সঙ্গে ফোনালাপে শি জিনপিং ইরান-ইসরায়েল সংঘাতের একটি কূটনৈতিক সমাধান ও যুদ্ধবিরতি চেয়েছেন। উভয় নেতা ইরানে হামলার তীব্র নিন্দা জানান। ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, রাশিয়া ও চীন উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। মস্কো ও বেইজিং মৌলিকভাবে বিশ্বাস করে, ইরানের পারমাণবিক স্থাপনার বিষয়ে চলমান পরিস্থিতিতে সামরিক হামলা-পাল্টা হামলা কোনো সমাধান নয়। কূটনীতি ও রাজনৈতিক চেষ্টার মাধ্যমে এর সমাধান বের করতে হবে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ফোনালাপে প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেছেন, মধ্যপ্রাচ্যে বিশেষ প্রভাব বিস্তারকারী বড় বড় দেশকে পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক চেষ্টাকে জোরালো করতে হবে। বিশেষ করে ইসরায়েলকে উস্কানির চক্র ভাঙতে এগিয়ে আসতে হবে। তিনি বেসামরিক লোকজনের জীবন রক্ষার ওপরও তাগিদ দেন।

এর আগে রাশিয়া সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলে, এ ধরনের পদক্ষেপ বিপর্যয় ডেকে আনবে। ক্রেমলিনের এক বিবৃতি উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, এ অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন। এ সময় তিনি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।

ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। আলজাজিরা জানায়, কাৎজ বলেছেন, যুদ্ধের অন্যতম লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা।

>> ইরানে হামলার সিদ্ধান্তের আগে দুই সপ্তাহ সময় দিলেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি’ অন্তর্ভুক্ত থাকতে হবে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।

এর আগে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যা ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম। তিনি এও বলেন, ‘তার মানে এই নয় যে, আমি সেটিই করতে যাচ্ছি। দেখা যাক কী হয়। সবাই আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করছে। আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি।’

>> বুশেহর পারমাণবিক কেন্দ্রে আছেন রুশ বিশেষজ্ঞরা, ইসরায়েলকে সতর্কতা রাশিয়ার

ইসরায়েলকে ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো সতর্ক করেছে, এ হামলা ইরানে কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। গতকাল সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এবং বিশ্বকে একটি পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

জাখারোভা এ সময় বিশেষভাবে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কথা উল্লেখ করে বলেন, সেখানে রুশ বিশেষজ্ঞরা অবস্থান করছেন। তিনি বলেন, আমরা বুশেহর বিদ্যুৎকেন্দ্রে নিযুক্ত রুশ কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

>> ইরানে সামরিক পদক্ষেপ থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান স্টারমারের

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, এখানে সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি রয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন।

>> হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

রয়টার্স জানায়, চলমান সংঘাতের মধ্যে যুদ্ধকৌশল হিসেবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে বলে দেশটির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেছেন। আরেক আইনপ্রণেতা বলেন, যদি তেহরানের মৌলিক স্বার্থ ক্ষুণ্ন হয়, তবেই তারা এমনটা করতে পারেন। ওমান ও ইরানের মধ্যকার হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশ বহন করা হয়।

>> ইরানের হামলা

গতকাল ভোর ও আগের রাতে ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় ইরান। মধ্য ও দক্ষিণ ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ইসরায়েলের বির শেবা শহরের সরোকা হাসপাতালও। ইসরায়েলের হারেৎজ অনলাইন জানায়, এসব হামলায় অন্তত ৭৬ জন আহত হন। ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় ইসরায়েলের ৫ হাজার ১১০ বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। এর মধ্যে তেল আবিবের ৯০৭ জন। দেশটিতে এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। সেই সঙ্গে যুদ্ধবিমানের এক পাইলটকেও আটকের দাবি করা হয়েছে। ইসরায়েল এ দাবি অস্বীকার করেছে।

>> ইসরায়েলের হামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা যায়। পশ্চিম ইরানের শহর আরকে পারমাণবিক রিঅ্যাক্টরে হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলের হামলায় ইরানে ২২৪ জন নিহত হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হলেও এ সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হয়।

>> যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ‘দুর্বলতার লক্ষণ’, বললেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইহুদিবাদী শাসন ব্যবস্থায় মার্কিন বন্ধুরা দৃশ্যপটে প্রবেশ করেছে। এটি ওই শাসন ব্যবস্থার দুর্বলতা ও অক্ষমতার লক্ষণ। এক এক্স পোস্টে তিনি বলেন, ‘আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, শত্রু যদি বুঝতে পারে যে আপনি তাদের ভয় পান, তাহলে তারা আপনাকে ছেড়ে দেবে না। এ পর্যন্ত আপনাদের যে প্রতিক্রিয়া, সেভাবেই চালিয়ে যান।’

>> রাতে প্রতিরক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে বাঙ্কারে নেতানিয়াহু

তেল আবিবসহ বিভিন্ন শহরে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার জেরে রাতে বাঙ্কারে অবস্থান করেন নেতানিয়াহু। এ সময় তাঁর সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে ওই কর্মকর্তা সিএনএনকে বলেন, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপর নেতানিয়াহু বাঙ্কারে ঢুকে যান। সঙ্গী হন প্রতিরক্ষামন্ত্রীও।

>> যথেষ্ট হয়েছে, এবার থামুন: জাতিসংঘ মহাসচিব

ইরান ও ইসরায়েলের প্রতি উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় লড়াই বন্ধ করা ও সংযম দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যথেষ্ট উত্তেজনা দেখানো হয়েছে। এখন থামার সময় এসেছে। শান্তি আর কূটনীতির বিজয় নিশ্চিত করতে হবে।

আমার বার্তা/এমই

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

ভারত মহাসাগরে ইরানের একটি সাবমেরিন ডুবিয়ে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধির প্রেক্ষাপটে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশগুলো হলো

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো