
সারাদেশের ১১ জেলার ৪৪টি উপজেলায় নির্মাণাধীন পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে (পুরাতন ভবন) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
উপজেলা পরিষদের মাধ্যমে এসব লাইব্রেরি নির্মিত হচ্ছে। উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা বলেন, “উন্নত সমাজ গঠনে সবচেয়ে বড় বিনিয়োগ শিক্ষা ও জ্ঞানচর্চা। তাই প্রতিটি উপজেলায় একটি করে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি জানান, প্রথম ধাপে ৪৪টি উপজেলায় প্রতিটি লাইব্রেরির জন্য ৫৩ লাখ টাকা বরাদ্দ দিয়ে মোট ২৩ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ।
আসিফ মাহমুদ বলেন, “যেসব উপজেলায় শিক্ষার হার কম এবং দারিদ্র্যের হার বেশি—বিশেষ করে উত্তরাঞ্চলের এলাকাগুলো—সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে মানসম্পন্ন লাইব্রেরি নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। পাঠাগারগুলোর নকশা, পরিবেশ ও ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
তিনি স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত ভিত্তিপ্রস্তর স্থাপনসহ কার্যক্রম শুরু করার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং বঞ্চিত এলাকাগুলোকেই বিবেচনায় রেখে বাজেটের সুষম বণ্টনের মাধ্যমে এই লাইব্রেরি নির্মাণ করা হচ্ছে।”
দক্ষিণ সিটি কর্পোরেশন সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “নগর ভবন বন্ধ থাকায় নাগরিক সেবায় প্রায় ৩০-৪০% ঘাটতি হয়েছে। সরকার ধৈর্য ও আন্তরিকতার পরিচয় দিয়েছে, তবে এই বিষয়ে যেকোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার সম্মিলিতভাবে গ্রহণ করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই

