
সরকার ২০৪০ সালের মধ্যে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে বিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী জানান, এডিবি প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী আগামী ২০৪০ সালের মধ্যে দেশের ৪৯৬.৫০ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে এবং ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে। ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামাল দিতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কগুলোর লেন সংখ্যা বৃদ্ধির এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
ফাস্ট ট্র্যাক প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে শেখ রবিউল আলম জানান, বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোই ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ এর নর্দার্ন ও সাউদার্ন রুট। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বর্তমানে চলমান কোনো প্রকল্পই ফাস্ট ট্র্যাক প্রকল্পের তালিকায় নেই বলে তিনি সংসদকে অবহিত করেন। মেট্রো রেলের এই বিশাল নেটওয়ার্কগুলো দ্রুততম সময়ে শেষ করার জন্য সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।
দেশের বর্তমান সড়ক অবকাঠামোর চিত্র তুলে ধরে সড়ক মন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বর্তমানে সারা দেশে মোট ২২,৭৩৬.৫৮০ কিলোমিটার মহাসড়ক রয়েছে। এই বিশাল নেটওয়ার্কের মধ্যে এরইমধ্যে ৮৮৩.৬১ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হয়েছে এবং ১০.৪৮৮ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া বর্তমানে দেশে ৮ লেনের মহাসড়ক রয়েছে ১৭.৩৪৭ কিলোমিটার। সরকার পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরগুলোকে আরও প্রশস্ত করার কাজ চালিয়ে যাচ্ছে যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
আমার বার্তা/এমই

