
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিডনি থেকে ঢাকায় ফেরেন তিনি। বিসিবির একাধিক পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।
তাকে নিয়ে ছিল অনেক জল্পনা-কল্পনা, রটনা, গুঞ্জন, ফিসফাস, কানাঘুষা ছিল। সেই রোজার আগে দেশছাড়া আমিনুল ইসলাম বুলবুল শেষ পর্যন্ত আর ফিরে আসবেন কি না, বা আদৌ এলে কবে, কখন আসবেন, তা নিয়ে নানা প্রশ্নের উদ্রেক ঘটেছিল, নানা মুনির নানা মত ছিল।
ক্রিকেট বোর্ড কর্তারা একটা সময় দাবি করেছিলেন, তিনি বলে-কয়ে গেছেন এবং অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ঈদ করে ২৬-২৭ মার্চ নাগাদ দেশে ফিরবেন। ২৬ পেরিয়ে ২৭, এরপর ২৮ পেরিয়ে আজ ২৯ মার্চ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কি দেশে ফিরেছেন? এ প্রশ্ন অনেক ক্রিকেট অনুরাগীর। তাদের জন্য খবর, শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরেছেন এবং এখন তিনি ঢাকায়।
ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক নিশ্চিত করেছেন, গতকাল ২৮ মার্চ, শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে রাজধানী ঢাকায় পৌঁছেছেন আমিনুল ইসলাম বুলবুল।
আগেই জানা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে ঢাকার ক্লাবগুলো এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর বঞ্চিত এবং কাউন্সিলরশিপ না পাওয়া একঝাঁক ক্রিকেট সংগঠক জাতীয় ক্রীড়া পরিষদের কাছে গত অক্টোবরে হওয়া বিসিবির নির্বাচনকে একটি অবৈধ, অস্বচ্ছ এবং সরকারি হস্তক্ষেপে পরিপূর্ণ নির্বাচন বলে দাবি করেছেন।
সেই দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের স্বচ্ছতা যাচাই-বাছাই করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটির প্রতিবেদন ১৫ কার্যদিবসের মধ্যে দেয়ার কথা। সময় ঘনিয়ে আসছে, তদন্ত প্রতিবেদন তৈরিরও দিনক্ষণ প্রায় চূড়ান্ত।
হয়তোবা আগামী এপ্রিলের প্রথম ভাগেই তদন্ত প্রতিবেদন ক্রিকেট বোর্ডে জমা পড়বে। তার আগে, ক্রিকেট বোর্ডের সভাপতি এবং গত অক্টোবরের নির্বাচনে আইনবহির্ভূতভাবে, রীতি না মেনে নিজে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে কাউন্সিলরশিপ চেয়ে চিঠি দিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এবং নির্বাচনে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন আছে।
এবং যারা নির্বাচনের স্বচ্ছতা এবং অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের বারবারই কথা, খোদ আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকাও মোটেও স্বচ্ছ ছিল না। তার প্রেক্ষিতে তদন্ত কমিটি যে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলবেন এবং তার বক্তব্য নিবেন, সেটা বলাই বাহুল্য।
শোনা গেছে, অনলাইনে বা মুঠোফোনে তার সঙ্গে একাধিকবার তদন্ত কমিটির কথা হয়েছে। তবে ঢাকায় তিনি আসার পরে অবশ্যই তদন্ত কমিটির সঙ্গে তার কথা হবে এবং বিসিবির কাজ পরিচালনা করার পাশাপাশি আপাতত আগামী ক'দিন আমিনুল ইসলাম বুলবুলকে নিশ্চিতভাবেই তদন্ত কমিটির সামনে দাঁড়াতে হবে। তারপরই বোঝা যাবে আসলে অবস্থাটা কী হয় এবং কোথাকার পানি কোথায় গড়ায়।

