
গাজীপুর মহানগরীর পূবাইল থানায় দায়ের করা ডাকাতি মামলার তদন্তে অভিযান চালিয়ে রবিন আহমেদ (১৯) নামের এক সন্দিগ্ধ আসামিকে ঢাকার গুলিস্তান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া একটি ভিভো ওয়াই-০৫ মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট পূবাইল থানায় এফআইআর নং-০৪ অনুযায়ী দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় ডাকাতির মামলা করা হয়। মামলার অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।
এরই ধারাবাহিকতায় পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর শ্যামপুর, যাত্রাবাড়ী ও সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে ডাকাতির ঘটনায় লুট হওয়া ভিভো ওয়াই-০৫ মোবাইল ফোনটির অবস্থান গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় শনাক্ত করা হয়।
পরে মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে মামলার বাদী ও মোবাইল ফোনের মালিক মোসাইদ আহমেদকে সঙ্গে নিয়ে পল্টন মডেল থানাধীন গুলিস্তান পাতাল মার্কেটের ৭ নম্বর গেটসংলগ্ন ফুটপাতের একটি ভাসমান মোবাইলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি রবিন আহমেদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রবিনের দেখানো এবং তার হেফাজত থেকে কালো রঙের একটি ভিভো ওয়াই-০৫ স্মার্টফোন উদ্ধার করা হয়।
পরে একই দিন রাত ৭টা ১৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে মোবাইল ফোনটি জব্দ করা হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, ডাকাতি মামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে গ্রেপ্তার রবিন আহমেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

