
শুক্র, শনি ও রোব— ৩ দিনে ইরানের প্রতিরক্ষা বাহিনীর ৩ শতাধিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা করেছে মার্কিন বাহিনী। আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে এ তথ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, এই ৩ দিনে সবচেয়ে বড় মাত্রার হামলা পরিচালনা করা হয়েছে শনিবার। সে দিন ইরানের সামরিক বাহিনীর ১৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মার্কিন বাহিনীর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র।
যেসব লক্ষ্যবস্তু ও স্থাপনায় আঘাত হানা হয়েছে, সেগুলো হলো ইরানি প্রতিরক্ষা বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, গোলাবারুদের ডিপো, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় এলাকায় নজরদারি সংক্রান্ত স্থাপনাগুলো।
এক্সবার্তায় সেন্টকোমের পক্ষ থেকে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত ভঙ্গ করে সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যে হামলা পরিচালনা করেছে, সেজন্য তেহরানকে জবাবদিহিতার আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে সেন্টকম এই বার্তা প্রদানের কয়েক ঘণ্টা পর পৃথক এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে গত ৩ দিনে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এবং ওমানের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা পরিচালনা করেছে আইআরজিসি এবং সেই হামলায় ৩ মার্কিন সেন নিহতও হয়েছেন।
তবে পাল্টা এক বার্তায় সেন্টকোম জানিয়েছে, আইআরজিসির হামলায় কোনো মার্কিন সেনা নিহত কিংবা আহত হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ বেঁধে যাওয়ার প্রায় ৩ মাস পর ১৭ জুন ইসলামাবাদ শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্র ও ইরান; কিন্তু গত ৫ জুলাই আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আইআরজিসি হামলা করার পর ফের উস্কে ওঠে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, যা এখনও চলছে।
সূত্র : আনাদোলু এজেন্সি

