ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
০৯ মে ২০২৬, ১৯:১০
আপডেট  : ০৯ মে ২০২৬, ১৯:৪১

তুরস্কের আন্তালিয়ায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে ‘টার্কিস রোড টু কপ-৩১: রেজিলিয়েন্ট সিটিস’ শীর্ষক দুই দিনব্যাপী (৮ ও ৯ মে) আন্তর্জাতিক আয়োজন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তুরস্কের হাতায় মিউজিয়াম হোটেলে আন্তর্জাতিক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক আয়োজনে বিভিন্ন দেশের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রীরা অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানান। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুর্যোগ সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকের শুরুতে মুরাত কুরুম ‘কপ-৩১ সম্মেলন ও হাতায় ঘোষণা’-কে সামনে রেখে বাংলাদেশের মতামত ও পরামর্শ কামনা করে বলেন, বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশ একটি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃতুল্য দেশ হিসেবে পরিচিত।

তুরস্কের পরিবেশমন্ত্রী আসন্ন কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পরিবেশমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে বলেন, আগামী কপ-৩১ সম্মেলনে তুরস্ক বাংলাদেশের পরিবেশ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নতুন পদক্ষেপ গ্রহণ করবে।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তুরস্কে বাংলাদেশকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, লাখের বেশি বাংলাদেশি বর্তমানে তুরস্কে বসবাস করছেন এবং বাংলাদেশিরা তুরস্কের জনগণকে বন্ধুত্বপূর্ণ জাতি হিসেবে মনে করেন।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, বাংলাদেশ বৈশ্বিক কার্বন নিঃসরণে মাত্র শূন্য দশমিক ৩৫ শতাংশ অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। বন উজাড়, দ্রুত নগরায়ণ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশের পরিবেশ ও জনজীবন ক্রমেই হুমকির মুখে পড়ছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও প্রয়োজন অনুযায়ী বৈশ্বিক আর্থিক সহায়তা পাচ্ছে না। এ পরিস্থিতিতে বাংলাদেশ আসন্ন কপ-৩১ সম্মেলনে একটি বিশেষ এজেন্ডা উপস্থাপন করবে, যাতে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশ হিসেবে প্রয়োজনীয় সহযোগিতা ও অর্থায়ন নিশ্চিত করা যায়।

পরিবেশমন্ত্রী আরও জানান, কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ থেকে ফোকাল পার্সন নিয়োগ দেয়া হবে। তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান, জলবায়ু ঝুঁকি এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়গুলো কার্যকরভাবে তুলে ধরবেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায্য অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীকালে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গাম্বিয়ার মন্ত্রী রোহে জন মানজাং, সিরিয়ার মন্ত্রী মোহাম্মদ আঞ্জরানি, তুরস্কে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হামবার্তো লোপেজ এবং ইলব্যাংকের জেনারেল ম্যানেজার এয়ুপ কারাহান।

এক প্রশ্নের জবাবে মিন্টু জলবায়ু সহনশীল অবকাঠামো ও নগর ব্যবস্থা গড়ে তুলতে অর্থায়নের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তুলনামূলকভাবে কম অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে।

মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু তহবিলের কার্যকর ব্যবস্থা ও দ্রুত অর্থ ছাড় অত্যন্ত জরুরি।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের রিসোর্স আছে। এখন তহবিল প্রদানের পাশাপাশি জলবায়ুসহনশীল অবকাঠামো নির্মাণ, প্রযুক্তি ব্যবহার এবং দক্ষতা উন্নয়নে কারিগরি সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথম দিনের শেষ কর্মসূচিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে দুই দেশের মন্ত্রীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মালদ্বীপের জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী আলী শরীফ মালদ্বীপে আগামী দিনে ৫০ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন, বিশেষ করে চারা উৎপাদন ও প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে।

এ সময় আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং সরকারের ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা সরকারের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি। এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও কার্যক্রম বিশেষ করে বাংলাদেশে নার্সারি কার্যক্রম, চারা উৎপাদন প্রক্রিয়া এবং বৃক্ষ পরিচর্যা ব্যবস্থা সরেজমিনে দেখার জন্য তিনি মালদ্বীপের পরিবেশমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

শেষ দিনে আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে কসোভোর পরিবেশ, স্থানিক পরিকল্পনা ও অবকাঠামো মন্ত্রী ফিতোরে পকোলি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কসোভো কোপে অন্তর্ভুক্ত হতে বাংলাদেশের সহযোগিতা কামনা করে। বাংলাদেশ এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেয়। একই সঙ্গে আগামী কপ-৩১ সম্মেলনে দুই দেশের মধ্যে পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয়ার বিষয়েও আলোচনা হয়। প্রসঙ্গত, কসোভো জাতিসংঘের সদস্যভুক্ত দেশ নয়। স্বাধীনতার পর বাংলাদেশই প্রথম কসোভোকে স্বীকৃতি দেয়।

দিনের শেষ কর্মসূচিতে বিভিন্ন দেশের মন্ত্রীদের গোলটেবিল বৈঠক এবং বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের উপস্থিতিতে হাতায় ঘোষণার মধ্যদিয়ে দুদিনের আয়োজন শেষ হয়। সমাপনী দিনে বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, দুর্যোগ-সহনশীল নগর গড়ে তোলা, পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আমার বার্তা/এমই

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিনিয়ন্ত্রণ কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বিনিয়োগকারীদের জন্য সরকারি

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

বিশ্বকাপ ফুটবল-২০২৬  উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে

 মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার উপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নিহত

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

নারায়ণগঞ্জে গ‍্যাস বিস্ফোরণ : একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সেতু বিভাগে সবচেয়ে বেশি কাটছাঁট, কমছে পরিবহন খাতের বরাদ্দ

নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার কোটি টাকা

কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে

এআই নিরাপত্তা নিয়ে প্রশ্ন, গ্রকের প্রকৌশলীকে চাকরিচ্যুতির অভিযোগ

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

৭৮৬ কোটি থেকে ৯ লাখ ৩৮ হাজার কোটির বাজেটে বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

বাজেটে শুল্ক-কর হ্রাসে যেসব পণ্যের দাম কমতে পারে