
ভারতের ওপর নির্ধারিত বাণিজ্যশুল্ক ৫০ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
২ ফেব্রুয়ারি ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ টেলিফোনে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, তার দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি আছে। পাশাপাশি তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে তার দেশ প্রস্তুত।”
“প্রধানমন্ত্রী মোদির প্রতি সম্মান এবং তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে আমি তার অনুরোধে সায় দিয়েছি। এখন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর নির্ধারিত শুল্ক হবে ১৮ শতাংশ। খুব শিগগিরই এটি কার্যকর হবে।”
প্রসঙ্গত, ২০২৫ সালের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের জন্য নির্ধারিত শুল্ক ছিল ১৫ শতাংশ। ক্ষমতায় আসার পর ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে— এমন সব দেশের ওপর ধার্যকৃত শুল্কের পরিমাণ বাড়ান ট্রাম্প। ভারতের ওপর নির্ধারিত শুল্ক ১৫ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত করা হয়েছিল তখন।
এর পর রাশিয়া থেকে হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল কেনার অভিযোগে গত বছর আগস্টে ভারতের ওপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক পৌঁছায় ৫০ শতাংশে।
বিজ্ঞাপন
শুল্ক এই হারে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ কার্যত অসম্ভব হয়ে পড়ে। ফলে বাধ্য হয়েই বিকল্প বাজার খোঁজা শুরু করে ভারত। গত মাসের শেষ দিকে ইউরোপের সঙ্গে এক ঐতিহাসিক বাণিজ্যচুক্তি করে ভারত। সেই চুক্তিতে মুক্ত বাণিজ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।
এমন পরিস্থিতির মধ্যেই ভারতের ওপর শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প শুল্ক হ্রাসের ঘোষণা দেওয়ার পর তাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, “আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলে খুব ভালো লেগেছে। তিনি ভারতের ওপর নির্ধারিত শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন। এই চমৎকার পদক্ষেপের জন্য ১৪০ কোটি ভারতীয়-এর পক্ষ থেকে প্রেসিডেন্ট ধন্যবাদ জানাচ্ছি।” - সূত্র : বিবিসি
আমার বার্তা/এমই

