
দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান সদ্য প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকার চেক দিয়েছে সমকাল কর্তৃপক্ষ।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে সমকালের পক্ষ থেকে অর্থ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর প্যারারা রোডের সমকাল কার্যালয়ের ভেতর থেকে সিনিয়র সাংবাদিক ও সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির (৫৭) গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সূত্রমতে, ২০২৩ সালের মে মাসে পুলক চ্যাটার্জিকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি হারানোর পর তিনি বেকার ছিলেন। এ সময় তিনি চরম অর্থাভাবে মানসিক কষ্টে ছিলেন। মৃত্যুর আগে পুলক চ্যাটার্জি পাঁচটি চিরকুট লিখে গেছেন।এরমধ্যে একটি চিরকুটে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশ্যে সমকাল কার্যালয়ে গচ্ছিত থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়েছিল। মৃত্যুর তিন দিন পর সেই পাওনা অর্থই পরিবারের কাছে পৌঁছে দিল সমকাল কর্তৃপক্ষ।
পুলক চ্যাটার্জি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিকে বরিশালে কর্মরত ব্যুরো প্রধানদের সংগঠন এনডিবিএ'র সভাপতি ছিলেন। সাংবাদিকতা জীবনে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র কন্যা প্রকৃতিকে রেখে গেছেন।
পুলিশ ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে উদ্ধার হওয়া চিরকুটগুলোর সত্যতা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

