
রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষা, শিল্প, প্রযুক্তি ও মহাকাশ গবেষণাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে উদ্যোগী হয়েছে মস্কো ও ইসলামাবাদ। দুই দেশের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে।
সম্প্রতি রাশিয়া ও পাকিস্তান ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট যোগাযোগ, জ্বালানি সরবরাহ ও শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দেশ দুটি। এসব উদ্যোগের মধ্যে রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন গতিপথ নিয়ে নজর রাখছে ভারত।
বাণিজ্য ৫০০ কোটি ডলারে নেওয়ার লক্ষ্য
রাশিয়া ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদারের সর্বশেষ উদ্যোগ এসেছে দুই দেশের আন্তসরকারি কমিশনের ১১তম বৈঠক থেকে। গত ২৫ নভেম্বর মস্কোতে অনুষ্ঠিত ওই বৈঠকে রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিয়েভ ও পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী আওয়াইস আহমেদ খান লেঘারি নেতৃত্ব দেন।
বৈঠকে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত অর্থনৈতিক সহযোগিতার কর্মসূচি সই করেছে দুই দেশ। এতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, ওষুধ, শিল্প, পরিবহন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে বাজারে প্রবেশের সুযোগ, বিনিয়োগ সহজ করা এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে। ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালে দুই দেশের বাণিজ্য ছিল প্রায় ১৮০ কোটি ডলার। নতুন লক্ষ্য পূরণ হলে বর্তমান বাণিজ্যের তুলনায় তা প্রায় তিন গুণ হবে।
রাশিয়া ও পাকিস্তানের মধ্যে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইএইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনাও রয়েছে। এই চুক্তি কার্যকর হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হতে পারে বলে আশা করছে মস্কো ও ইসলামাবাদ।
জ্বালানি ও শিল্প খাতে সহযোগিতা বাড়ছে
পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। দুই দেশের আলোচনায় তেল ও গ্যাস খাতে অংশীদারত্ব, পাকিস্তানে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং রাশিয়ার জ্বালানি ও সরঞ্জাম সরবরাহ বাড়ানোর বিষয় উঠে এসেছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে।
রাশিয়ার জ্বালানিমন্ত্রী সিভিলিয়েভ বলেছেন, পাকিস্তানের বাজারে রাশিয়ার তেল ও গ্যাসের মানদণ্ড স্বীকৃতি দেওয়ার বিষয়টি এই সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এ নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
এছাড়া করাচিতে পাকিস্তান স্টিল মিলস আধুনিকায়নের পরিকল্পনায় রাশিয়ার অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার প্রতিষ্ঠান মেটপ্রমস্ট্রয় এ প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ খতিয়ে দেখছে। পাকিস্তানের শিল্প অবকাঠামো উন্নয়ন এবং পুরোনো শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করার ক্ষেত্রেও রাশিয়ার সহযোগিতা চায় ইসলামাবাদ।
পাকিস্তানের জ্বালানি খাতে রুশ বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশটির তেল ও গ্যাস অবকাঠামোতে সহযোগিতার বিষয়টিও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আসন্ন মস্কো সফরে গুরুত্ব পেতে পারে।
মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তিতে নতুন সহযোগিতা
রাশিয়া ও পাকিস্তানের সম্পর্কের নতুন মাত্রা হতে পারে মহাকাশ প্রযুক্তি সহযোগিতা। রাশিয়া স্যাটেলাইট নেভিগেশন, যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ, মহাকাশযান পরিচালনা ও মহাকাশ গবেষণায় নিজেদের অভিজ্ঞতা পাকিস্তানের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
রুশ জ্বালানিমন্ত্রী সিভিলিয়েভ বলেছেন, মহাকাশ প্রযুক্তিতে রাশিয়ার উল্লেখযোগ্য অভিজ্ঞতা ও শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। পাকিস্তানের সঙ্গে এ খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে দুই দেশের আন্তসরকারি কমিশনের একটি কর্মপরিকল্পনা ও নথি প্রস্তুত করা হয়েছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে এসব নথি সই হতে পারে বলে জানান তিনি।
স্যাটেলাইট থেকে পৃথিবী পর্যবেক্ষণের প্রযুক্তি ভাগাভাগির বিষয়টিও আলোচনায় এসেছে। এই প্রযুক্তি আবহাওয়া পর্যবেক্ষণ, কৃষি, পরিবেশ, যোগাযোগ ও বিভিন্ন ধরনের ভূ-তথ্য সংগ্রহে ব্যবহার করা যায়। তবে সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রেও স্যাটেলাইট ও নেভিগেশন প্রযুক্তির ব্যবহার রয়েছে। ফলে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার এ ধরনের প্রযুক্তিগত সহযোগিতা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন।
এখন পর্যন্ত মহাকাশ প্রযুক্তি সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি সই হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
শাহবাজের মস্কো সফরে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা
রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত মস্কো সফর করবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক রাশিয়া সফর। সফরে দুই নেতার বৈঠকে জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা ও বিনিয়োগ নিয়ে আলোচনা হওয়ার কথা।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, সফরে জ্বালানি ও বিনিয়োগ চুক্তি করার বিষয়টি গুরুত্ব পাবে। পাকিস্তান স্টিল মিলস পুনরুজ্জীবিত করা এবং দেশটির তেল-গ্যাস খাতে রুশ বিনিয়োগের সম্ভাবনাও আলোচনায় আসতে পারে।
পাকিস্তানের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি জানিয়েছেন, সফরে দুই দেশের মধ্যে প্রায় ১৫ থেকে ১৬টি চুক্তি সই হতে পারে। এসব চুক্তিতে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, রেল, ব্যাংকিং, প্রযুক্তি, শিক্ষা ও অন্যান্য খাত গুরুত্ব পেতে পারে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এর আগে গত অক্টোবরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসভের সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি, শিল্প, আঞ্চলিক যোগাযোগ ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। ওই সময় তিনি বলেন, দুই দেশের সম্পর্ক তৃতীয় কোনো দেশের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভরশীল না হয়ে এগিয়ে চলেছে।
ভারতের উদ্বেগের কারণ কী?
রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যতই বাড়ুক, ভারতের সঙ্গে মস্কোর দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি ও কূটনৈতিক সহযোগিতায় দুই দেশ বহু দশক ধরে ঘনিষ্ঠ অংশীদার। ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৬ হাজার ৮৭০ কোটি ডলারে পৌঁছেছিল। ফলে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন সম্পর্ক ভারতের সঙ্গে বিদ্যমান অংশীদারত্বের বিকল্প হয়ে উঠবে- এমনটা এখনই বলা যাচ্ছে না।
তবে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সহযোগিতা যদি জ্বালানি ও বাণিজ্যের বাইরে প্রতিরক্ষা, সামরিক প্রযুক্তি, স্যাটেলাইট ও নিরাপত্তা খাতে বিস্তৃত হয়, তাহলে ভারতের কৌশলগত হিসাব-নিকাশে তা নতুন গুরুত্ব পেতে পারে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার প্রেক্ষাপটে রাশিয়ার নতুন উদ্যোগকে বাড়তি নজরে দেখার কারণ রয়েছে নয়াদিল্লির।
ভারত ও রাশিয়ার মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানবিষয়ক বিশেষ আলোচনা প্রক্রিয়াও চালু রয়েছে। গত ১৪ অক্টোবর এ বিষয়ে দুই দেশের সপ্তম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। একই সময়ে রাশিয়া পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। দুই দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলা মস্কোর এই ভারসাম্যপূর্ণ কূটনীতি ভারতের জন্য নতুন বাস্তবতা তৈরি করছে।
বিশ্লেষকদের মতে, রাশিয়া এখনো ভারতের সঙ্গে সম্পর্ককে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারত্ব হিসেবে বিবেচনা করে। তবে পাকিস্তানের সঙ্গে মস্কোর নতুন সহযোগিতার পরিধি বাড়তে থাকলে দক্ষিণ এশিয়ায় রাশিয়ার ভূমিকা ও কূটনৈতিক ভারসাম্য নিয়ে ভারতের উদ্বেগ বাড়তে পারে।
এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সঙ্গে বাণিজ্যে ব্যাংকিং ও অর্থ পরিশোধসংক্রান্ত জটিলতা রয়েছে পাকিস্তানের। দুই দেশ এসব বাধা কাটিয়ে বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে। ফলে সম্পর্কের রাজনৈতিক উষ্ণতা বাস্তব অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতায় কতটা রূপ নেয়, তা শাহবাজ শরিফের আসন্ন মস্কো সফর এবং পরবর্তী চুক্তিগুলোর বাস্তবায়নের ওপর নির্ভর করবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আউটলুক ইন্ডিয়া, ডন

