
পবিত্র কোরআনের ৬৯তম সুরা, সুরা হাক্কাহ। সুরাটি মক্কায় অবতীর্ণ, এর আয়াত সংখ্যা ৫২। ‘হাক্কাহ’ শব্দের অর্থ অবধারিত সত্য বা নিশ্চিতভাবে সংঘটিত হওয়ার বিষয়।
এই সুরায় মূলত কিয়ামতের ভয়াবহতা, অতীতের অবাধ্য জাতিগুলোর পরিণতি, মানুষের আমলনামা এবং পরকালে হিসাব-নিকাশের চিত্র তুলে ধরা হয়েছে। এতে মানুষের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা।
সুরাটির শুরুতে আদ, সামুদ ও ফেরাউনের মতো অবাধ্য জাতিগুলোর পরিণতির কথা বলা হয়েছে। তারা আল্লাহর নির্দেশ অমান্য করেছিল এবং নিজেদের শক্তি ও ক্ষমতা নিয়ে অহংকার করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কেউই আল্লাহর শাস্তি থেকে রক্ষা পায়নি।
এ থেকে শিক্ষা পাওয়া যায়, দুনিয়ার ক্ষমতা, সম্পদ ও প্রভাব চিরস্থায়ী নয়। আল্লাহর অবাধ্যতা ও অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়।
সুরাটিতে কিয়ামতের ভয়াবহ দৃশ্যও বর্ণিত হয়েছে। সেদিন পৃথিবী ও পাহাড় চূর্ণবিচূর্ণ হবে, আকাশ বিদীর্ণ হবে এবং সবাইকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সেদিন মানুষের আমলনামা অনুযায়ী তার পরিণতি নির্ধারিত হবে। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা আনন্দিত হবে। আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের পরিণতি দেখে অনুতপ্ত হবে।
এখানে মানুষের জন্য বড় শিক্ষা হলো, দুনিয়ার জীবনই শেষ নয়। প্রতিটি কাজের হিসাব একদিন দিতে হবে। তাই অন্যায়, জুলুম, প্রতারণা ও পাপ থেকে বেঁচে থাকা জরুরি। পাশাপাশি নামাজ, দান-সদকা, মানুষের অধিকার রক্ষা এবং সৎকর্মের মাধ্যমে পরকালের প্রস্তুতি নিতে হবে।
সুরাটির শেষাংশে পবিত্র কোরআনের সত্যতা ও মর্যাদা তুলে ধরা হয়েছে। এটি কোনো কবির কাব্য কিংবা গণকের কথা নয়; বরং বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ বাণী।
সুরা হাক্কাহ মানুষকে স্মরণ করিয়ে দেয়, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী ও পরকালের জীবন চিরস্থায়ী। তাই দুনিয়ার মোহে আখিরাতকে ভুলে না গিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনই হওয়া উচিত প্রতিটি মানুষের জীবনের প্রধান লক্ষ্য।

