
অনুসন্ধানে প্রতিষ্ঠানটির নামে পরিচালিত একটি ব্যাংক হিসাবে একই দিনে ১ লাখ ২২ হাজার ও ৪৮ হাজার টাকা, অর্থাৎ মোট ১ লাখ ৭০ হাজার টাকা জমা হওয়ার দুটি রসিদ পাওয়া গেছে। রসিদগুলোতে প্রাপক হিসেবে ‘ট্রান্সউইফট বাংলাদেশ’ এবং ব্যাংক হিসেবে ‘প্রাইম ব্যাংক পিএলসি’র নাম উল্লেখ রয়েছে। পাশাপাশি ১ হাজার ও ৫০০ ইউএসডিটি পাঠানোর লেনদেনসংক্রান্ত একাধিক পর্দার ছবিও পাওয়া গেছে।
আরও অনুসন্ধানে ‘মোহাম্মদ আবু বকর’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত হিসাবের সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ওই হিসাবে ইউএসডিটি কেনাবেচা, আন্তর্জাতিক পেমেন্টে সহায়তাসহ বিন্যান্স, বাইবিট, ওয়াইজ ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক অর্থ লেনদেনের মাধ্যম ব্যবহার করে সেবা দেওয়ার প্রকাশ্য প্রচারণা চালানো হচ্ছে।
তবে দেশের প্রচলিত আইন ও বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান অনুযায়ী, যথাযথ অনুমোদন ছাড়া এ ধরনের ভার্চ্যুয়াল মুদ্রা ও বৈদেশিক মুদ্রাসংক্রান্ত লেনদেন পরিচালনার সুযোগ নেই।
দৈনিক আমার বার্তার হাতে আসা লেনদেনের পর্দার ছবিগুলো বিশ্লেষণে দেখা যায়, বড় অঙ্কের ইউএসডিটি পাঠানোর বিপরীতে অধিকাংশ লেনদেনই ‘স্থগিত’ অবস্থায় দেখানো হয়েছে। অভিযোগ রয়েছে, আটকে থাকা অর্থ ছাড় করানোর কথা বলে গ্রাহকদের কাছ থেকে কৌশলে অতিরিক্ত অর্থ আদায় করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, আলিবাবা থেকে পণ্য কেনার মূল্য পরিশোধের জন্য তিনি প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রথমে ১ হাজার ইউএসডিটি পাঠান। পরে লেনদেন আটকে যাওয়ার অজুহাত দেখিয়ে তাঁর কাছে আরও ৫০০ ইউএসডিটি দাবি করা হয়। সেই অর্থ পাঠানোর পর পুনরায় আরও ১ হাজার ৫০০ ইউএসডিটি চাওয়া হলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
ভুক্তভোগীর অভিযোগ, গ্রাহকের আস্থা অর্জনের জন্য শুরুতে ছোট অঙ্কের লেনদেন সম্পন্ন করা হলেও বড় অঙ্কের ক্ষেত্রে নানা কারিগরি জটিলতার কথা বলে অর্থ আটকে রাখা হয়।
অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, বিন্যান্স হিসাবের কারিগরি সমস্যার কারণে লেনদেনগুলো আটকে গেছে। ডিজিটাল মুদ্রার মানিব্যাগে আরও ১ হাজার ৫০০ ইউএসডিটি জমা করলে গ্রাহক মোট ৩ হাজার ইউএসডিটি ফেরত পাবেন বলেও তিনি জানান।
ব্যবসার বৈধতা সম্পর্কে জানতে চাইলে ওই প্রতিনিধি স্বীকার করেন, তাঁদের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ এবং এটি গোপনে পরিচালনা করতে হয়। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রাসংক্রান্ত প্রজ্ঞাপন নম্বর ২৪ এবং বৈদেশিক মুদ্রানীতি বিভাগের প্রজ্ঞাপন নম্বর ০৯ অনুযায়ী, দেশে ভার্চ্যুয়াল সম্পদ ও ক্রিপ্টোকারেন্সিসংক্রান্ত লেনদেনের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, অনুমোদনহীন বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে ‘বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭’ এবং অবৈধভাবে অর্থ স্থানান্তর বা পাচারের প্রমাণ পাওয়া গেলে ‘মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
চট্টগ্রামের আগ্রাবাদে অফিসের সাইনবোর্ড টাঙিয়ে ডিজিটাল সেবার আড়ালে প্রতারণা, অবৈধ বৈদেশিক মুদ্রা লেনদেন এবং অর্থ পাচারের কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কি না, এর নেপথ্যে কারা জড়িত এবং পুরো কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে তা উদ্ঘাটনে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

