
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল শামুক বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
রোববার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, বাহারছড়ার বড়ডেইল শামুক বিচ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে একটি বোটে করে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশুকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ, স্টেশন ইনানি ও আউটপোস্ট বাহারছড়ার সমন্বয়ে যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বড়ডেইল শামুক বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় বোটটি আটক করতে সক্ষম হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের শিকার ৩১৭ জনকে উদ্ধার এবং সাতজন মানবপাচারকারীকে আটক করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং স্বল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকার বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে আসছিল। পরে তাদের সমুদ্রপথে পাচারের পরিকল্পনা করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ভুক্তভোগী, আটক বোট ও মানবপাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি মাদক ও মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মানবপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান-সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন লেফটেন্যান্ট ইশমাম হাসান ফাহিম, বিএন, স্টেশন কমান্ডার, কোস্ট গার্ড স্টেশন শাহপরী।

