
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে আইটি বিটসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এরিকা আফরিন বুশরা পুরস্কার গ্রহণ করেন।
এদিকে মেলায় পুরস্কার অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবিত পারিবারিক স্বাস্থ্যযত্ন ব্যবস্থাপনার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সাইকেল সার্কেল’ (CycleCircle)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। মা ও মেয়ের স্বাস্থ্যসচেতনতা এবং পারিবারিক স্বাস্থ্য ব্যবস্থাপনাকে সহজ করাই প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য।
মেলায় আইটি বিটসের স্টলে দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে মেয়েদের বয়ঃসন্ধিকালীন প্রস্তুতি, মায়ের স্বাস্থ্যসচেতনতা এবং পারিবারিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।
সাইকেল সার্কেল প্ল্যাটফর্মে পরিবারের একাধিক সদস্যের জন্য আলাদা প্রোফাইল তৈরি, মাসিকের তারিখ সংরক্ষণ এবং পরবর্তী মাসের সম্ভাব্য সময় সম্পর্কে আগাম ধারণা পাওয়ার সুবিধা রয়েছে। এ ছাড়া মা ও মেয়ের স্কুলে যাওয়ার প্রস্তুতি একসঙ্গে নেওয়া এবং নারীদের স্বাস্থ্যসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের সুযোগও থাকছে।
আইটি বিটসের প্রধান নির্বাহী এরিকা আফরিন বুশরা বলেন, মেয়েরা স্কুলে যাওয়ার আগেই যেন মায়ের সঙ্গে প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে, সে লক্ষ্যেই সাইকেল সার্কেল তৈরি করা হয়েছে। নিজের ব্যাগে প্রয়োজনীয় সামগ্রী রয়েছে কি না, কিংবা প্রয়োজনে কার কাছে সাহায্য চাইতে হবে—এসব বিষয়ে সচেতনতা তৈরিতেও প্ল্যাটফর্মটি ভূমিকা রাখবে।
প্রযুক্তির সহায়তায় পারিবারিক স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং মা ও মেয়ের মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও প্রস্তুতির সুযোগ তৈরিতে সাইকেল সার্কেল কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে আইটি বিটস।

